নাটোরের লালপুর উপজেলায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ৪৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ জানায়, রবিবার (১২ জুলাই) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে লালপুর থানার এসআই (নিরস্ত্র) মো. মিজানুর রহমান খোন্দকার সঙ্গীয় ফোর্সের সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মোহরকয়া গ্রামের পেয়াদার মোড় এলাকায় অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে উপজেলার হাঁসবাড়িয়া গ্রামের মৃত সেকেন্দার আলী ওরফে সেকেন কসাইয়ের ছেলে মো. রেজাউল করিম (৪০)-কে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৪৫ পিস ইয়াবা ট্যাবলেট, যার মোট ওজন ৪ দশমিক ৫ গ্রাম, উদ্ধার করা হয়।
এ ঘটনায় গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণি-১০(ক) ধারায় লালপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ জানায়, রোববার (১৩ জুলাই) গ্রেফতার আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।
লালপুর থানা পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে তাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং মাদকের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।












