ঝালকাঠিতে বাংলাদেশি পরিচয়ে পাসপোর্ট করতে এসে সন্দেহে দুই নারী আটক

বাংলাদেশি নাগরিক পরিচয়ে নতুন পাসপোর্টের আবেদন করতে এসে বিদেশি নাগরিক সন্দেহে এক নারী এবং তাকে পাসপোর্ট তৈরিতে সহযোগিতার অভিযোগে অপর এক নারীকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে ঝালকাঠি আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ে এ ঘটনা ঘটে।
আটক দুই নারী হলেন—রুমি আক্তার (২১) ও জাফরিন আক্তার একা (২৪)। রুমি নিজেকে চট্টগ্রামের চান্দগাঁও নতুন ব্রিজ এলাকার এবং জাফরিন নিজেকে বরিশালের বাটিখানা এলাকার বাসিন্দা হিসেবে পরিচয় দিয়েছেন।
পাসপোর্ট কার্যালয় সূত্রে জানা যায়, দুপুরে রুমি আক্তার নতুন পাসপোর্টের আবেদন জমা দিতে যান। এ সময় তার পরিচয় ও দাখিল করা কাগজপত্র যাচাই করতে গিয়ে বিভিন্ন অসঙ্গতি নজরে আসে। পরে তাকে জিজ্ঞাসাবাদ করা হলে তার নাগরিকত্ব ও পরিচয় নিয়ে সন্দেহ আরও বাড়ে। একপর্যায়ে পাসপোর্ট তৈরিতে সহযোগিতার অভিযোগে তার সঙ্গে থাকা জাফরিন আক্তার একাকেও আটক করা হয়।
ঝালকাঠি আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ের সহকারী পরিচালক শফিউল্লাহ বলেন, রুমি আক্তারের পরিচয় ও কাগজপত্র যাচাইয়ের সময় সন্দেহজনক কিছু বিষয় পাওয়া যায়। জিজ্ঞাসাবাদে তার বক্তব্যের সঙ্গে কাগজপত্রের মিল না থাকায় পুলিশকে খবর দেওয়া হয়। পরে তার সঙ্গে থাকা অপর নারীকে নিয়েও সন্দেহ তৈরি হলে তাকেও পুলিশের কাছে সোপর্দ করা হয়।
ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদ হাসান বলেন, পাসপোর্ট কার্যালয় থেকে খবর পেয়ে দুই নারীকে হেফাজতে নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে তাদের দেওয়া তথ্য ও দাখিল করা নথিপত্রে গরমিল পাওয়া গেছে। তাদের প্রকৃত পরিচয়, নাগরিকত্ব ও কাগজপত্র যাচাই করতে জিজ্ঞাসাবাদ চলছে।
ওসি আরও বলেন, যাচাই-বাছাই শেষে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। জালিয়াতি বা কোনো অনিয়মের সত্যতা পাওয়া গেলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top