গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমানের অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেছেন, “আমাদের প্রিয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান মালয়েশিয়ায় ১৮ ঘণ্টা একটানা পরিশ্রমের পর চীনের দালিয়ানে পৌঁছেছেন। সকালের নাস্তা শেষ করেই তিনি একের পর এক গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নিচ্ছেন এবং নিরলস পরিশ্রম করছেন।”
মঙ্গলবার (২৩ জুন) চীনের লিয়াওনিং প্রদেশের দালিয়ানে অবস্থিত শাংগ্রি-লা হোটেলে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম চীন সফর উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
আতিকুর রহমান রুমন বলেন, “ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের গুরুত্বপূর্ণ বৈঠকে আমরা উপস্থিত ছিলাম। আমরা যখন এই সংবাদ সম্মেলন করছি, তখনও মাননীয় প্রধানমন্ত্রী ফোরামের দ্বিতীয় সেশনে অংশ নিয়ে কর্মব্যস্ত সময় কাটাচ্ছেন। আমরা দেশের তরে এখানে এসেছি। আপনারাও দেশের জন্য পরিশ্রম করছেন। ইনশাআল্লাহ, প্রধানমন্ত্রীর এই সফর সফল হবেই।”
উল্লেখ্য, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ আন্তর্জাতিক অঙ্গনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচনের পথে এগিয়ে যাচ্ছে। দেশের অর্থনৈতিক উন্নয়ন, বৈদেশিক বিনিয়োগ আকর্ষণ এবং আন্তর্জাতিক সহযোগিতা সম্প্রসারণে তাঁর এ সফরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
মালয়েশিয়ায় দুই দিনের সরকারি সফর শেষে কুয়ালালামপুর থেকে চীনের দালিয়ানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী ও তাঁর সহধর্মিণী ডা. জোবাইদা রহমানকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি বিশেষ ফ্লাইট স্থানীয় সময় সোমবার রাত ১১টা ৫ মিনিটে দালিয়ান ঝৌশুইজি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, বাংলাদেশ ও চীন যখন তাদের কূটনৈতিক সম্পর্কের ‘সোনালী ৫০ বছর’ এর নতুন অধ্যায়ে পদার্পণ করছে, ঠিক সেই সময়েই প্রধানমন্ত্রীর এই প্রথম চীন সফর অনুষ্ঠিত হচ্ছে। তাদের মতে, দ্বিপাক্ষিক সম্পর্কের বিদ্যমান অগ্রযাত্রাকে আরও বেগবান করা এবং ভবিষ্যৎ সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচনের ক্ষেত্রে এ সফর ঐতিহাসিক গুরুত্ব বহন করবে।












